অভিনেত্রী মাহিকে নিয়ে বেশকিছুদিন অনেকরকমের গসিপ, শোবিজ আলোচনা হয়েছে। বিয়ের পর এই আলোচনা আরো জোরালো হয়। এমনকি মাহি আর সিনেমায় আসছেন না এ ধরণের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে এসবের ধাঁর-ধারেন না মাহি। নিজের কাজে আবারো ব্যস্ত হয়ে হাজির হচ্ছেন রুপালী পর্দায়।
ইতোমধ্যে ‘হারজিত’, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘পলকে পলকে তোমাকে চাই’ সিনেমার কাজ যেমন গুছিয়ে নিয়েছেন, তেমনি আরো তিনটি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এ জনপ্রিয় অভিনেত্রী।
এই কাজগুলোর মধ্যে রয়েছে গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, শামীমুল ইসলামের ‘গোলাপতলীর কাজল’ ও মুস্তাফিজুর রহমান মানিকের ‘পাপী’।
মাহি বলেন, বিয়ের পর শ্বশুরবাড়িতে সময় দিয়েছি। ফাঁকে ফাঁকে দু-একটি কাজ করেছি। মাঝে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আমার পেশা অভিনয়। তাই টানা কাজের মধ্যে থাকতে চাইছি।
‘প্রেমের বাঁধন’ ছবির শুটিং শুরু হবে আগামী ১০ ডিসেম্বর থেকে, ‘গোলাপতলীর কাজল’র শুটিং ২১ ডিসেম্বর ও ‘পাপী’ সিনেমার কাজ শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে, তবে কাজগুলোর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন মাহি।
