চবি প্রতিনিধি : খেলাধুলার সরঞ্জামাদি না থাকা, কক্ষের সংস্কারসহ কয়েকটি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের দাপ্তরিক কক্ষে তালা লাগিয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ (৪ ডিসেম্বর) রোববার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আলাওল হল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের বেশ কয়েকটি কক্ষের জানালার গ্লাস ভেঙে গেছে। এছাড়া শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য কোনো সরঞ্জামাদি নেই।
শিক্ষার্থীদের অভিযোগ এসব বিষয়ে সমাধান করতে হলের প্রাধ্যক্ষকে বারবার বলার পরও তা সমাধান করেন নি। তাই রোববার সকালে ক্ষুব্ধ হয়ে তারা হলের দাপ্তরিক কার্যালয়ে কর্মরত সবাইকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। এ সময় হলের সিনিয়র আবাসিক শিক্ষক বখতেয়ার উদ্দিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগের বিষয়ে সমাধানের আশ্বাস দেন। আবাসিক শিক্ষকের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
জানতে চাইলে আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক বখতেয়ার উদ্দিন জানান, ‘কিছু সময়ের জন্য তারা তালা দিয়েছিল। পরে আমরা তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে ফেলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
