জাতীয়করণই বেসরকারি শিক্ষকদের একমাত্র দাবি

0

সিটিনিউজবিডি : স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, কেবল ইনক্রিমেন্ট, উৎসব ভাতার দাবী নয়, জাতীয়করণই বেসরকারী শিক্ষকদের একমাত্র প্রাণের দাবী। অতীতে শিক্ষকদের দাবী-দাওয়া দাবী আদায়ে আন্দোলন সংগ্রামের নামে একশ্রেণির শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘ সুত্রিতা তৈরী করে কেবল নিজেদের আখের গুছিয়েছে। অধিকার বঞ্চিত ও অবহেলিত শিক্ষকদের কোন কল্যাণ হয়নি।

তিনি বলেন, ১০ শতাংশ শিক্ষককে সরকারি করণের আওতায় রেখে ৯০ শতাংশ অর্থাৎ প্রায় ৫ লক্ষ বেসরকারি শিক্ষকদের বঞ্চিত রেখে কোনোভাবে জাতীয় শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ইনক্রিমেন্ট, উৎসব ভাতাসহ ছিটেফুঁটে দাবী-দাওয়া নিয়ে এবার আর নয়, জাতীয়করণই হচ্ছে বেসরকারি শিক্ষকদের এবারের প্রাণের দাবী।
তিনি বলেন, সরকার আন্তরিক থাকলে দাবী আদায়ে আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয়না। তিনি বর্তমান সরকারকে শিক্ষা-বান্ধব সরকার হিসাবে আখ্যায়িত করে বলেন, বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যানারে অচিরেই ঢাকায় বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মহাসমাবেশের আয়োজনের প্রস্তুতি চলছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে আশ্বস্ত করেছেন। সেই মহাসমাবেশেই বেসরকারি শিক্ষকদের একমাত্র প্রাণের দাবীকে উপস্থাপন করা হবে।
তিনি আজ ১২ ডিসেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিশাল শিক্ষক সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম নগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. আবুল আলা মোহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ খালেদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, স্বাশিপ চট্টগ্রাম মহানগরীর সহ সভাপতি রেজাউল করিম ছিদ্দিকী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ কুতুব উদ্দিন, অধ্যক্ষ লায়ন ড. সানাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম টাইগার পাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য জামাল সাত্তার, আমজাদ হোসেন, সাহাব উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ সোলাইমান কাশেমী প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন সাবেক সফল ছাত্রনেতা স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু’র সুযোগ্য নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের জন্য আর মাঠে ময়দানে থাকতে হবেনা বলে আশাব্যক্ত করে সকল বেসরকারি শিক্ষকদের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পেশাজীবী সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.