আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার হাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার দায়ে আটক হয়েছেন নিহতের স্ত্রী রেহানা আকতার (২২) ও ছোট ভাই কাশেম (২১)। স্ত্রী রেহানার সাথে দেবর কাশেমের পরকীয়ার কারণে এ খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়াপাড়া এলাকায় মঙ্গলবার রাত ১১টার সময় নিজ বসতঘরের পেছনে টয়লেটের কাছে খুন হন লেদু মিয়ার পুত্র মোহাম্মদ হাশেম (২৪)। ঘরের পেছনে টয়লেটের কাছে তাকে জবাই করে খুন করা হয়।
এদিকে, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ওইসময় সন্দেহজনকভাবে নিহতের স্ত্রী রেহানাকে ও বুধবার দুপুরে ছোটভাই আবুল কাশেমকে আটক করে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত চোরা উদ্ধার করেছে পুলিশ।
সূত্র আরো জানায়, রাতে টয়লেটে যাওয়ার কথা বলে স্ত্রী রেহানা তাঁর স্বামী হাশেমকে ঘর থেকে বের করে। পরে টয়লেটের কাছে ভাবী ও দেবর মিলে জবাই করে হত্যা করা হয় হাশেমকে। দেবর কাশেমের সাথে রেহানার পরকীয়ার কারণেই এ হত্যাকান্ড হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আনোয়ারা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, খুনের সময় ব্যবহৃত চোরা উদ্ধার করা হয়েছে। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের দায় স্বীকার করেছেন নিহতের ছোটভাই। পাশাপাশি এ ঘটনায় নিহতের স্ত্রীকেও আটক করা হয়েছে।
