বিনোদন : চলচ্চিত্র অভিনেতা একে কোরেশী আর নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বুধবার সকালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সাধারণত বাংলা চলচ্চিত্রে জজ হিসেবে কিংবা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার চরিত্রে বেশি দেখা যেত একেবারে সাদা চুলঅলা একে কোরেশীকে। এই দুই চরিত্রেই দর্শকদের সামনে বহুবার হাজির হয়েছেন তিনি। এছাড়া তিনি বিটিভির বৈদেশিক অনুষ্ঠান বিভাগের পরিচালকও ছিলেন।
এই অভিনেতাকে আর রূপালি পর্দায় দেখা যাবে না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার মৃত্যু সংবাদে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
একে কোরেশীর প্রকৃত নাম আজিজুল কাদের কোরেশী। তিনি ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি এফডিসির প্রতিষ্ঠাকালে শব্দগ্রাহক ছিলেন। দীর্ঘদিন এফডিসিতে কর্মজীবন অতিবাহিত করেছেন।
ছয় দশক ধরে এফডিসির স্মৃতি বয়েছেন এই প্রবীণ শব্দগ্রাহক ও অভিনেতা। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে সন্তানদের সাথে বসবাস করে আসছিলেন একে কোরেশী। বিশ্বখ্যাত টিভি সিরিজ ‘এক্স-সাইলস’র একাধিক পর্বে অভিনয়ও করেছিলেন তিনি।
