নিজস্ব প্রতিবেদক::উপকূলীয় এলাকায় কো্স্ট গার্ড আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবপাচার, চোরাচালান রোধসহ নানা কাজ করছে কোস্টগার্ড। জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই জঙ্গিবাদ প্রতিরোধে কোস্টগার্ডকেও কাজ করতে হবে।’
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে চট্টগ্রামে কোস্টগার্ডের বহরে ‘সৈয়দ নজরুল ’এবং ‘তাজউদ্দিন আহমেদ’ নামে দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জঙ্গিবাদ দমনে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোস্টগার্ডকেও কাজ করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সেবায় আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মানুষের সেবায় আপনারা আরো কাজ করে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।
কোস্টগার্ডের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোস্ট গার্ডের সীমাবদ্ধতার কথা আমার জানা আছে। এজন্য লোকবল নিয়োগ ও জলযান সরবরাহের বিষয়টি আমার মাথায় আছে।’
তিনি আরও বলেন, দেশ এখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যথাযথভাবে সমুদ্র বণ্টন হওয়ায় আমরা বিশাল সমুদ্র পেয়েছি। সমুদ্র পথে আন্তর্জাতিক বাণিজ্যসহ বঙ্গোপসাগরের বিপুল সম্পদ রক্ষায় আমাদের কাজ করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যন্য সকল মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমরা কোস্ট গার্ডকে চারটি জাহাজ দেয়ার কথা বলেছিলাম। এর মধ্যে আজ সিজিএস তাজউদ্দীন আহমদ ও সিজিএস সৈয়দ নজরুল ইসলাম জাহাজ দুটি কমিশন করলাম। এ বছরই অন্য দুটি জাহাজ- সিজিএস মনছুর আলী ও সিজিএস কামরুজ্জামান কমিশন করা হবে।
এর আগে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে জাহাজ সৈয়দ নজরুলের অধিনায়ক ক্যাপ্টেন এম সালে উদ্দিন ও তাজউদ্দিন আহমেদের অধিনায়ক ক্যাপ্টেন এম হাসান তারিক মণ্ডলের হাতে জাহাজ দুটির কমিশনিং ফরমান তুলে দেন প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড বহরে কার্যক্রম শুরু করলো জাহাজ দুটি। ৮৭ মিটার লম্বা, সাড়ে ১০ ফুট চওড়া ও ১৩’শ টন ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৩ নটিক্যাল মাইল বেগে সাড়ে তিন হাজার ফুট নটিক্যাল মাইল অতিক্রম করতে পারে ।
এর অগে বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করেন। এরপর বেলা ১২টায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে কোস্টগার্ডের একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন।
