সিটিনিউজবিডিঃ পানামার পতাকাবাহী বাও লং নামে একটি স্ক্র্যাপ জাহাজ নিয়ে গত ২৬ জুন ২৪ নাবিক চীন থেকে চট্টগ্রাম বন্দরে এসেছিলেন । কিন্তু কোকেন জটিলতায় আটকে যায় সেই নাবিকেরা। এবার সেই ২৪ নাবিক স্বদেশে ফেরত যাবার অনুমতি পেয়েছেন। তারা যে জাহাজে চট্টগ্রামে এসেছিলেন সেটির মালিক প্রতিনিধি কসকো শিপিং লাইনের কর্মকর্তাকে ডেকে মঙ্গলবার (৭ জুলাই) ছাড়পত্র দিয়েছে নগর পুলিশের বিশেষ শাখা। বুধবার (৮ জুলাই) চীনের ২৪ নাবিককে স্বদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন কসকো শিপিং লাইনের এক কর্মকর্তা।
নগর গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার উপ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, কোকেন আমদানির মামলাটি তদন্ত করছে ডিবি। আমদানির সঙ্গে কসকো শিপিং লাইনের সম্পৃক্ততার তথ্য পেয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। চীনের ২৪ নাবিকও কসকো শিপিং লাইনের জাহাজে এসেছে। এজন্য তাদের কোন প্রয়োজন আছে কিনা সেটা ডিবি’র কাছে জানতে চেয়েছিলাম।
ডিবি প্রয়োজন নেই বলে জানানোর পর বিশেষ শাখা তাদের ফেরত যাবার অনুমতি দিয়েছে বলে জানান মোয়াজ্জেম। মঙ্গলবার (৭ জুলাই) ২৪ নাবিককে স্বদেশে পাঠানোর জন্য বিমানের টিকেট করেছিল কসকো শিপিং লাইনস। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় শেষ মুহুর্তে সোমবার (৬ জুলাই) বিকেলে টিকেট বাতিল করে প্রতিষ্ঠানটি। কসকো শিপিং লাইনসের বাল্ক বিভাগের সহকারি ম্যানেজার (অপারেশন) এ এম রেজা বলেন, বুধবার তাদের চীনে পাঠানোর জন্য নতুনভাবে টিকেট করা হয়েছে।
