নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামি শরিফুল আলম প্রকাশ ওরফে নাককাটা আলমকে (৩২) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (জনসংযোগ) বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে শরিফুল আলম প্রকাশ ওরফে নাককাটা আলমকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরীর খুলশী থানায় শরিফুলের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বিবার্তাকে জানান, গ্রেফতার শরিফুলের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় তিনটি এবং কোতোয়ালী থানায় একটি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, শরিফুল কুমিল্লা জেলার মুরাদনগরের নবীয়াবাদ পশ্চিম পাড়া গ্রামের মো. আজগর আলী ভান্ডারীর ছেলে।
