চন্দনাইশে নিরাপত্তার মাধ্যমে দরপত্র কার্যক্রম সম্পন্ন
নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ পৌরসভার ছোট-বড় ৬টি বাজারের দরপত্রের কার্যক্রম প্রায় অর্ধশত পুলিশের উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বুধবার(১৫ মার্চ) অফিস চলাকালীন সময় নিয়মতান্ত্রিকভাবে এ দরপত্রের কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য যে, গত ৮ মার্চ চন্দনাইশ পৌরসভার ৬টি ছোট-বড় বাজারের টেন্ডার বক্স ভেঙ্গে দরপত্রসহ পে-অর্ডার লুট হয়ে যাওয়ায় গতকাল ১৫ মার্চ পুনরায় দরপত্র আহবান করা হয়। ফলে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জসহ চন্দনাইশ থানা পুলিশ, রিজার্ভ পুলিশসহ প্রায় অর্ধশত পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ দরপত্র সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে দরপত্র কার্যক্রম সম্পন্ন হওয়ায় প্রতিটি হাট-বাজারের দরপত্রে মূল্যও বৃদ্ধি পেয়েছে।
পৌর মেয়র মাহবুবুল আলম খোকা বলেছেন, গত বছরের চেয়ে চলতি বছর প্রতিটি হাট-বাজারের টেন্ডার বৃদ্ধি পেয়েছে। ফলে পৌরসভার রাজস্ব খাতে আয় বেড়েছে। চন্দনাইশ সদর থানা বাজার ৫ লক্ষ টাকার স্থলে ১৪ লক্ষ ১শ ৪২ টাকা, খানহাট (সাপ্তাহিক) ৮ লক্ষ টাকার স্থলে ১০ লক্ষ ৩০ হাজার টাকা, খানহাট বিকালের বাজার ২ লক্ষ ৫০ হাজার টাকার স্থলে ২ লক্ষ ৯৫ হাজার টাকা, বাগিচাহাট ১০ লক্ষ ১ হাজার টাকার স্থলে ১০ লক্ষ ১০ হাজার, হারলা নয়াহাট ২৫ হাজার টাকার স্থলে ২৬ হাজার ১শ টাকা, কসাইখানা ৭০ হাজার টাকার স্থলে ১ লক্ষ ২৬ হাজার ৫শ টাকার দরপত্র ধার্য হয়েছে।
এ টেন্ডারে ৩৭টি প্রতিষ্ঠান অংশ নেয় বলে তিনি জানান। তিনি বলেন, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনার ঐকান্তিক সহযোগিতায় সুষ্ঠু ও সুচারুরূপে টেন্ডার কার্যক্রম সম্পন্ন করতে পারায় তিনি পুলিশ সুপারসহ পুলিশ প্রশাসনের সকলকে ধন্যবাদ জানান।
