গোলাম সরওয়ার : চট্টগ্রাম নগর আ.লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন,যারা চট্টগ্রামের আদি বাসিন্দা তাদেরকে উঠিয়ে দেয়ার জন্য চক্রান্ত করছেন। আপনার ইচ্ছা পরিহার করুন। কারো ২ গন্ডা জায়গা আছে,কোন রকমে চলছে তাদেরকে ট্যাক্সের নামে হুমকি দিচ্ছেন। সালিশ বিচারের নামে জায়গা জমি দখল করছেন এটা মেয়রের কাজ না ।
আজ সোমবার(১০এপ্রিল)বিকাল লালদীঘি মাঠে সোনালি যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজিত সমাবেশে বীর মু্ক্তিযোদ্ধা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন ।
ট্রেড লাইসেন্স ফি বর্ধি ত করণ রোধ, বর্ধিত হারে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) আদায়ের সিদ্ধান্ত বাতিল,মাদক ও অস্ত্র ব্যাবসায়ীদের প্রতিরোধ এবং মৎস্যজীবীদের অধিকার আদায়ে মৎস্য বাজার বহাল রাখার দাবীতে জনসভায় মহিউদ্দিন চৌধুরী আরো বলেন,ট্যাক্স নিয়ে আমরা যে মামলা করেছি বর্ধিত যে ট্যাক্স না দেয়ার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছে।কিন্তু আপনি আপিল করেছেন রিজেক্ট হয়েছে । একটা ট্যাক্স বাড়াতে পারবেন না। এই দায়িত্ব পালন করতে পারলে করুন তা না হলে স্বেচ্ছায় কি করবেন জানেন। আপনাকে নেত্রী মনোনয়ন দিয়েছে তাই আমরা বসিয়েছি তাই বলে জনগণের সাথে প্রতারণা করতে পারবেন না ।
সোনালি যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শামসুল আলম সভাপতিত্বে শ্রমিক নেতা মো: মহসিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চু,১৪ দলের পক্ষে জাসদের নেতা জসিম উদ্দিন বাবুলসহ, মহিলা আ.লীগের নেতৃবৃন্দসহ প্রমুখ।সমাবেশ চলাকালে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এদিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারীরা ও নগরীর কয়েকটি ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সমাবেশ করেন। নাছির অনুসারী ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাদক ও সন্ত্রাসবিরোধী এ সমাবেশের ডাক দেয়া হয়েছিল। এ পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে দু’ নেতার অনুসারীদের মধ্যে চট্টগ্রামের রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে।
