নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালামের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। এটি সিডিএ চেয়ারম্যান হিসেবে তাঁর ৬ষ্ঠ নিয়োগ। ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথম দফায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর গত আট বছর ধরে তিনি সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আসফারী খানম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিডিএ চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় ২৩ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করার কথা জানানো হয়।
২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথম মেয়াদে দুই বছরের জন্য আবদুচ ছালামকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ার পর ২০১১ সালের ২৬ এপ্রিল দ্বিতীয় মেয়াদে দুই বছর, ২০১৩ সালের ১৯ মার্চ তৃতীয় মেয়াদে এক বছর, ২০১৪ সালের ২২ এপ্রিল চতুর্থ মেয়াদে এক বছর এবং ২০১৫ সালের ১৬ এপ্রিল পঞ্চম মেয়াদে দুই বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল ।
সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ার পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নের মুল কাযক্রমও সরকার সিডিএকে দিয়ে বাস্তবায়ন করাচ্ছে। গত আট বছর ধরে রাস্তাঘাট এবং ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ।
