চট্টগ্রামে হচ্ছে ৩৫০ শয্যার ইম্পেরিয়াল হাসপাতাল

0

গোলাম সরওয়ার ::বন্দরনগরী চট্টগ্রামে চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন ৩৫০ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে’। চলতি বছরের শেষে চিকিৎসা সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে হাসপাতালটি।

শনিবার(২০মে) সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এবং ভেমেড হেলথ্ কেয়ার ম্যানেজম্যান্ট এর সাথে আনুষ্ঠানিকভাবে পাঁচ বছর মেয়াদী একটি চুক্তি সম্পাদিত হয়েছে।

পাহাড়তলী চক্ষু হাসপাতাল সংলগ্ন সাত একর জায়গার উপর নির্মিত এই হাসপাতাল বিশ্বমানের আধুনিক চিকিৎসা সুবিধার সমন্বয়ে সমৃদ্ধ। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রকৌশল পরামর্শকারী সংস্থা কেএমডি এর স্থাপত্যজনিত ডিজাইন,ড্রয়িং এবং অস্ট্রিয়া ভিত্তিক বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভেমেড এর পরিকল্পনা, প্রযুক্তি ও প্রকৌশল সহযোগিতা অনুযায়ী এই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছে। দেশের সার্বিক চিকিৎসার মান উন্নয়নে ইম্পেরিয়াল হাসপাতাল প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ান তৈরির লক্ষ্যে আবাসন সুবিধাসহ একটি নার্স ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে। সর্বোপরি আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের জন্য হাসপাতালের ১০ শতাংশ চিকিৎসা সুবিধা বরাদ্দ ব্যবস্থা রয়েছে।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন ।ছবি-মো:হানিফ

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র্র ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ও ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে’ এর পরিচালক দৈনিক আজাদী’র সম্পাদক এম.এ মালেক। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি ও ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে’ এর বোর্ড চেয়ারম্যান আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী। বক্তব্য রাখেন ভেমেড এর ব্যবস্থাপনা পরিচালক মি. ক্রিষ্টোফা উইগল, হাসপাতালের প্রকৌশলী মি. ষ্ট্রোমেয়ার, খিষ্টা স্ট্রোমেয়ার প্রমূখ। ভেমেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মি. ক্রিষ্টোফা উইগল আর হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আমজাদুল ফেরদৌস চৌধুরী।

চুক্তি অনুযায়ী ভেমেড ইমপেরিয়াল হাসপাতালে একটি সুযোগ্য দক্ষ সিনিয়র ম্যানেজমেন্ট টীম এমনকি সিইও, মেডিক্যাল প্রধান ও নার্সিং প্রধানসহ অন্যান্য পদ নিয়োগের ভিত্তিতে সামগ্রিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করবে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত লক্ষ্যে প্রশিক্ষিত নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নির্বাচন, কারিগরি প্রশিক্ষণ এবং মানোন্নয়নয়ের জন্য যে কোন ধরনের পরিকল্পনা করতে ভেমেড সচেষ্ট থাকবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে। এমনকি হাসপাতালের দৈনন্দিন সেবাপ্রদানের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক অন্যান্য হাসপাতালগুলির সাথে প্রযুক্তি ও চিকিৎসার সমন্বয় ও আদানপ্রদানের মাধ্যমে উচ্চতর চিকিৎসা অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানে ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে’ এর বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, ইম্পেরিয়াল হাসপাতাল গুরুতর রোগীদের দ্রুত ও নিরাপদ স্থানান্তরের জন্য আধুনিক লাইফ সাপোর্ট চিকিৎসা সম্বলিত এ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত করেছে। সাথে দূরবর্তী বা সঙ্কটাপন্ন এলাকা থেকে রোগীদের আনার জন্য হেলিপেড সেবা আছে। একই সাথে দূরবর্তী রোগীদের দর্শনার্থীদের থাকার সুবিধার জন্য হাসপাতাল ক্যাম্পাসেই সীমিত আবাসন সুযোগ রয়েছে।

বিগত দুই বছরের অধিক কাল ধরে ভেমেড এর পরামর্শ ও প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে হাসপাতাল প্রকল্পের সার্বিক কার্যক্রম তথা ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল এবং ইনফরমেশন টেকনোলজি – বিষয়ে নিরীক্ষা পূর্বক যন্ত্রপাতি নির্বাচন, রক্ষণাবেক্ষণ ও ইন্সটলেশন করা হচ্ছে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.