নিজস্ব প্রতিবেদক,মিরসরাই : মিরসরাইয়ে খালেদা জিয়ার রোহিঙ্গা সফর কর্মসূচিকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলে উপজেলার বিভিন্ন স্থানে তাদের উপর হামলা করেছে ছাত্রলীগের কর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উখিয়া যাওয়ার পথে মিরসরাইয়ে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিলে বিভিন্ন স্থানে ছাত্রলীগ কর্মীরা ওই হামলা করে বলে অভিযোগ করেন উপজেলা বিএনপি।
এসময় হামলাকারীরা বিএনপির ব্যানার, পোষ্টার ছিঁড়ে জ্বালিয়ে দেয়। হামলায় আহতরা হলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলমগীর, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম, বারইয়ারহাট পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. রানা, করেরহাট ইউনিয়ন যুবদল নেতা মো. মামুন, উপজেলা ছাত্রদলে সাধারণ সম্পাদক মো. ফরহাদ, ছাত্রদল নেতা ইকবাল হোসেনসহ কমপক্ষে ১০ নেতাকর্মী।
তবে উপজেলার ছাত্রলীগ এ হামলার কথা অস্বীকার করছে। শনিবার বিকেলে মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজের বাড়িতে গিয়ে পুলিশ কর্মীদের লাঠিপেটা করে। নয়দুয়ার, ডাকঘর, মিরসরাই পৌরসদর ও বারইয়ারহাট এলাকায় বিএনপি নেত্রীকে স্বাগতম জানিয়ে লাগানো ব্যানার পোষ্টার ভেঙ্গে ছিঁড়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এদিকে সকালে মিরসরাই সদরে দৈনিক দিনকাল পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম এ কাশেমকে আধঘন্টা অবরুদ্ধ করে রাখে এবং বিকেলে বারইয়ারহাটে তার উপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) নুরুল আমিন অভিযোগ করেন, মহাসড়কে নেতাকর্মীরা অবস্থান নিলে তাদের উপর হামলা করে সরকারীদলের কর্মীরা। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীরের উপর তার বাড়ির সামনে হামলা করে এবং তাকে হাসপাতালে নিতে বাঁধা প্রদান করেন। এছাড়া জোরারগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি সিরাজকে কুপিয়েছে তারা। উপজেলা বিভিন্ন স্থানে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুর রহমান চৌধুরীর বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। করেরহাটে যুবদল নেতা মামুনকে পিটিয়ে আহত করে। নেত্রীকে অভিনন্দন জানিয়ে আমার দেওয়া একটি বিলবোর্ড ও অর্ধশত পেষ্টুন পুড়িয়ে ফেলার অভিযোগ করেছেন তিনি।
এদিকে বারইয়ারহাট, জোরারগঞ্জ, নয়দুয়ার, বড়তাকিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করলেই ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এছাড়া করেরহাট, জোরারগঞ্জসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায় কমপক্ষে ১০ জনকে আহত করেছে। নয়দুয়ার, ডাকঘর, মিরসরাই পৌর সদর ও বারইয়ারহাট এলাকায় বিএনপি নেত্রীকে স্বাগতম জানিয়ে লাগানো ব্যানার পোষ্টার ভেঙ্গে ছিঁড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
বিএনপির অভিযোগ সম্পর্কে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ছাত্রলীগের কোন নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়নি। এই ধরনের কোন ঘটনা ঘটলে থাকলে এটি তাদের দলীয় অর্ন্তকোন্দলের কারণে ঘটেছে। আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা সদর, বারইয়ারহাট পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নের শান্তিপূর্ণভাবে মিছিল করেছে বলে জানান তিনি।
