বিনোদন জগৎ,সিটিনিউজ :: এই প্রথম জনপ্রিয় কণ্ঠশিল্পী আরেফিন রুমিকে দেখা যাবে বড় পর্দায়। রবিবার (৫ নভেম্বর) মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির শুটিং শেষ হয়েছে।
আরেফিন রুমির গাওয়া একটি কাওয়ালি গানের মধ্য দিয়ে ছবির শুটিং শেষ হয়। এই কাওয়ালি গান পরিবেশনে দেখা যায় রুমি নিজেই ঠোঁট মেলাচ্ছেন।
ছবিতে গান ও অংশ নেওয়া প্রসঙ্গে আরেফিন রুমি বলেন, ‘আমি এর আগে নিজের গানের সঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছি। একটি চলচ্চিত্রেও এর আগে পারফর্ম করেছিলাম, কিন্তু সেই ছবি মুক্তি পায়নি। আমার কাছে বিষয়টি তাই একেবারে নতুন নয়। তারপরও আমি কাজটি করতে ভয় পাচ্ছিলাম, পরিচালকের সাহসে আমি আমার মতো আমি চেষ্টা করেছি। আশা করি, দর্শক গানটি ও আমার পারফর্ম্যান্স পছন্দ করবে।’
ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, “গতকাল আমরা ‘জান্নাত’ ছবির শুটিং শেষ করেছি। শেষ দিন আরেফিন রুমির গাওয়া একটি কাওয়ালি গানের মধ্য দিয়ে এই ছবির ক্যামেরা ক্লোজ করেছি। ছবির গল্পের প্রয়োজনে একটি কাওয়ালি গান ছবিতে ব্যবহার করেছি, আর সেই গানের পারফর্ম করেছে আরেফিন রুমি নিজেই।”
কেন রুমিকে দিয়ে গানটি করানো হলো—জানতে চাইলে মানিক বলেন, ‘এই গানটিও কিন্তু গেয়েছে আরেফিন রুমি, ছবির সংগীত পরিচালনাও করেছেন তিনি। আমার বিশ্বাস ছিল, রুমি গানটির সঙ্গে পারফর্ম করলে ভালো করবেন। আসলেই তা হয়েছে। রুমি অনেক ভালো করেছেন।’
কবে মুক্তি পাবে জানতে চাইলে মানিক বলেন, ‘আমাদের শুটিং শেষ হলেও ডাবিংয়ের কাজ বাকি রয়েছে। আশা করছি, চলতি মাসে বাকি কাজ শেষ করতে পারব। আর মুক্তির তারিখ এখনই বলতে পারছি না। তবে চলতি বছরেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেবো।’
‘জান্নাত’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা মাহিয়া মাহি। সঙ্গে থাকবেন নায়ক সায়মন।
