এম বেলাল উদ্দিন,রাউজান :: চট্টগ্রামের রাউজানে লোকালয়ে চলে আসা প্রায় ১০ ফুট দীর্ঘ একটি অজগর ধরা পড়ল স্থানীয় জনতার হাতে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের সামাজিক সংগঠন নজরুল ক্লাবের পশ্চিমে লোকালয়ে জলাশয়ের ধারে এই অজগরটি ধরা পড়ে।
জানা যায় স্থানীয় কৃষক নুরুন নবী তার ধানি জমিতে যাওয়ার পথে এই অজগরটি দেখতে পান। এই সময় তিনি স্থানীয় যুবকদের খবর দিয়ে তাদের সহযোগীতায় অজগরটি ধরা পরে।
ধরা পড়া অজগরটি পাহাড়তলী নজরুল ক্লাব প্রাঙ্গণে নিয়ে আসলে উৎসুক জনতা সাপটি এক নজর দেখতে ভিড় জমায়।
ক্লাবটির সহ সাধারণ সম্পাদক খোরশেদুল আলম চৌধুরী ও স্থানীয় ছাত্রলীগ নেতা সৈয়দ তানভীর জানান, ধারণা করা হচ্ছে অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে।
হঠাৎ লোকালয়ে অজগর প্রবেশ করায় শিশু কিশোরদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তারা আরো জনান, আটককৃত অজগরটি সন্ধ্যায় মহামুনি বিহারের পূর্ব দিকে পাহাড়ে অবমুক্ত করেন।
স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন উদ্দিন জানান, অজগর ধরা পড়ার খবর শুনেছি। অজগরটি স্থানীয়রা পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
রাউজান উপজেলা ভেটেনারি সার্জন ডা. লেলিন দে জানান, মানুষ কতৃক অজগরের নিরাপদ আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে অজগর লোকালয়ে প্রবেশ করছেন। তাছাড়া অজগর আলোর দিকে ধাবিত হয়। লোকালয়ে প্রবেশ করা এটিও একটি কারণ হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
