৫টি ফিশিং বোটসহ ৬৫ মাঝিমাল্লা অপহরণ

0

বাঁশখালী প্রতিনিধি : বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের জাহাজহাড়ি এলাকায় ৫টি ফিশিং বোটসহ ৬৫ জন মাঝিমাল্লা অপহরণের শিকার হয়েছে। এ সময় জলদস্যুদের হামলায় ৬ মাঝিমাল্লা গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জেলে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ রবিউল আলম (২৮) নামে একজনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার বাঁশখালী থানায় ফিশিং বোটের মালিকগণ জিডি করার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় ও বোট মালিক সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের বাঁশখালীর গন্ডামারা এলাকার পশ্চিমে জাহাজহাড়ি নামক স্থানে সোমবার গভীর রাতে মাছ ধরার জন্য অবস্থান করছিল চাম্বল এলাকার ইউনুচ কোম্পানীর মালিকানাধীন এফবি সাইফুল, আবচার কোম্পানীর এফবি মায়ের দোয়া, সৈয়দ নূর কোম্পানীর এফবি আল্লাহর দান, মাহমুদ শফি কোম্পানীর আল্লাহ মালিক ও মোস্তাক কোম্পানীর এফবি মায়ের দোয়া ফিশিং বোট। হঠাৎ জলদস্যুর দল তাদের ফিশিং বোটে হামলা চালিয়ে বোটে থাকা মাঝিমাল্লাদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মী করে অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুদের হামলায় গুলিবিদ্ধ রবিউল আলম কোন রকম প্রাণে বেঁচে এলাকায় এসে ঘটনাটি সকলকে অবগত করে। এদিকে জলদস্যুদের দল অপহৃত ফিশিং বোটের মালিকগণের কাছ থেকে মুক্তিপণ দাবী করছে বলে জানান বোট মালিকরা।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, বঙ্গোপসাগরে সংঘটিত ঘটনার ব্যাপারে বোট মালিক সমিতির পক্ষ থেকে অবহিত করা হয়েছে। যা ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিভিন্ন থানাকে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.