বিজয় শিখা প্রজ্জ্বলন : শেখ হাসিনার সরকার বারবার দরকার

0

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম :  মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি বলেছেন, বঙ্গবন্ধুই বাঙালি জাতিসত্তার বাতিঘর। ৭ মার্চের ঐতিহাসিক ১৯ মিনিটের ভাষণে স্বাধীনতার দিক-নির্দেশনা দিয়েছিলেন। এই ইতিহাসকে যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযুদ্ধের চেতনাই একমাত্র হাতিয়ার।

আজ রোববার (১০ ডিসেম্বর) বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের মূল ফটকের সামনে মুক্তিযুদ্ধের বিজয়শিখা প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেছেন। আমরা এখনো দেশকে রাজাকার-আলবদর মুক্ত করতে পারিনি। তবে বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে তাদের নির্মূল করা হবে।

তিনি দেশের চলমান উন্নয়ন চিত্র বর্ণনা করে বলেন, বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই, বিদ্যুৎ উৎপাদন রেকর্ড মানে উন্নীত হয়েছে। পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক দুর্নীতির গন্ধ পেয়েছিল। প্রধানমন্ত্রী বলেছিলেন বিশ্বব্যাংকের টাকার দরকার নেই। আজ পদ্মা সেতুর কাঠামো দৃশ্যমান। বিজয় মেলার অঙ্গীকার হোক আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বারবার।

মূখ্য আলোচক নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে উপলব্ধি করি নতুন প্রজন্ম এখনো পরিশুদ্ধ নয়। তা না হলে ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে এই নতুন প্রজন্মকে ধ্বংস করার পরিকল্পিত প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ঘোষণা পত্র- ২০১৭ পাঠ করেন মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, বিজয় মেলার মহাসচিব আহমেদুর রহমান ছিদ্দিকী, মহাসচিব (অর্থ) পান্টু লাল সাহা।

পরে মঞ্চে আলোচনা সভা শেষে তপন বড়ুয়ার সঞ্চালনায় উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগামীকাল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.