নিজস্ব প্রতিনিধি, সিটি নিউজ :: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সমাজের অপচর্চা দূর করতে হলে বিনোদন নাট্যচর্চা ও সংগীতে মনোনিবেশ করা উচিত। এ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে সরকার প্রাথমিক শিক্ষার পাঠ্যধারায় সংগীত বিষয়কে অন্তর্ভূক্ত করেছে।
মন্ত্রী আজ চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ আব্দুল করিম খা স্বরণে একবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ২০১৮ এর তিনদিন ব্যাপী আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, স্কুলের পাঠ্যধারায় ৫০ নম্বর সংগীত শিক্ষার জন্য নির্ধারণ করেই সরকার থেমে থাকেনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও সংগীত ও নাট্যকলা বিভাগ নামে অনুষদ খুলেছেন। এতে সংগীত চর্চায় মানুষের আরো আগ্রহ বাড়াবে। সমাজের অপসংস্কৃতি, জঙ্গি-সন্ত্রাস দূর করার জন্য সংগীত চর্চা হতে পারে মূল হাতিয়ার।
তিনি বলেন, আমি আমার দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। আমরা চাই আমাদের দেশকে একটি অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠন করতে। এক্ষেত্রে সংগীতের সাথে যতবেশি মানুষকে সম্পৃক্ত করা যাবে, ততবেশি সমাজ থেকে অনাচার দুর করা সম্ভব হবে।
সংগীতের মূলই হচ্ছে শাস্ত্রীয় বা উচ্চাঙ্গ সংগীত। তাই এই সংগীতকে পিছনে রেখে কখনো অন্যান্য সংগীতের পূর্ণতা আসেনা। এখানে ভাললাগার বিষয়টি আসল। শাস্ত্রীয় সংগীতকে ভালবাসতে হবে। যারা খাঁটি মানুষ তাঁরা কখনো থেমে যান না। সামনে যতই বাধা বিপত্তি আসুক। কলুষতা দূর করতে দেশের সাংস্কৃতিক পরিবেশ তৈরিতে একই রকমভাবে সঙ্গীতের নিবেদিত প্রাণ সৈনিকেরা অদম্য বিজয়ীর বেশে এগিয়ে যাবেন।
