রাজনৈতিক বিভাজন নয় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চাই : মেয়র
সিটি নিউজ বিডিঃঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে, ধর্মীয়ভাবেও আমরা একেকজন এক এক ধর্মের অনুসারী হতে পারি।
কিন্তু সমাজের শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদককে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা ছাড়া কোন বিকল্প পথ নেই। জনমত তৈরি করা গেলে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূল কোন ব্যাপার নয়। এ ব্যাপারে শুধুমাত্র প্রশাসনকে দায়ি করলে হবে না। নাগরিক হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।
তিনি আজ বুধবার সকালে ২৯নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিক শেখ মোহাম্মদ ইসহাক, শ্রমিক নেতা সফর আলী,
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন শৃঙ্খলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর এ এইচ এম সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌসি আকবর, সাবেক কাউন্সিলর আলী বক্স, জয়নাল আবেদীন, কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস,
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃংখলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব আফিয়া আখতার, মহল্লা সর্দ্দার শওকত আলী, হাজী মনির আহমদ, হাজী নুরুল হক, এম এ হানিফ, প্রকৌশলী আবদুল করিম, নুরুল ইসলাম নুরু, মোহাম্মদ নাসের ও কাজী দুলাল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরো বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূলে সামাজিক কর্মকা- হিসেবে প্রত্যেক ওয়ার্ডে কমিটি গঠনের পাশাপাশি প্রতি শুক্রবার জুমার খুতবায় এ ব্যাপারে নাগরিকদের সচেতন করে ইমামদের বক্তব্য দেয়ার জন্য কাউন্সিলরদের উদ্যোগ নিতে বলেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম।
আল্লাহর নবী চরম বিপদেও ধৈর্য্য ও ন্যায়ের পথে সকল সমস্যা মোকাবেলা করেছেন। ইসলামে উগ্রতা ও সন্ত্রাসের কোন স্থান নেই। জঙ্গী তৎপরতা মোকাবেলায় অভিভাবকদের তাদের সন্তানদের দিকে বিশেষভাবে নজর রাখার আহবান জানান মেয়র। এ ব্যাপারে মসজিদ, মন্দির ও গীর্জার পুরোহিত ও ধর্মীয় প্রধানদের দায়িত্ব রয়েছে। তিনি মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার যানজট নিরসন প্রসঙ্গে বলেন, এ এলাকার স্থানীয় অনেক অধিবাসী পরিবহন ব্যবসা ও শিপ ব্রেকিং ব্যবসার সাথে জড়িত।
কাজেই এ এলাকার যানজট নিরসনের জন্য শুধুমাত্র প্রশাসনকে দায়ী করলে হবে না, এ সমস্যার সমাধানে নিজেদের মধ্যে সমন্বয় প্রয়োজন। মেয়র এ ব্যাপারে এলাকার অধিবাসীরা ঐক্যমতে পৌঁছালে পুলিশ,প্রশাসন ও তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন।
