কামরুল ইসলাম দুলু, সিটি নিউজ :: সীতাকুণ্ডে বরযাত্রীর গাড়িতে ডাকাতি, গুলিতে এক ডাকাত নিহত । সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাইপাসে আজ শুক্রবার ২৩ ফেব্রুয়ারী ভোর রাত ৩টার সময় বরযাত্রীর গাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার পর র্যারে গুলিতে এক ডাকাত নিহত ও তিন র্যাব সদস্য আহত হয়েছে জানিয়েছে র্যাব ৭।
নিহত ডাকাতের নাম পরিচয় জানাতে পারেনি র্যাব। চট্টগ্রামের হাটহাজারিতে থেকে একটি বড় মাইক্রোবাসে করে লাকসামে ফিরছিলেন ২১ বরযাত্রী।
রাত সাড়ে তিনটার দিকে বাসটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছালে ছয় থেকে সাতজনের একদল ডাকাত অস্ত্রের মুখে মাইক্রোবাসটি ডাকাতি করে। সর্বস্ব হারিয়ে ফেরার সময় ছোট কুমিরায় দাঁড়িয়ে থাকা র্যাবের টহল দলকে দেখতে পেয়ে বরযাত্রীরা অভিযোগ জানান।
খবর পেয়ে র্যাবের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের খুঁজতে থাকেন। সে সময় ডাকাত সদস্যরা জঙ্গলে বসে ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করছিল।
হঠাৎ র্যাবকে দেখে তারা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত সদস্য নিহত হয়। আরও কয়েকজন ডাকাত আহত হয়ে থাকতে পারে। তবে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ডাকাতির শিকার একজন সীতাকুণ্ড থানায় মামলা করবেন বলে জানিয়েছেন র্যাব ৭ এর উপ – পরিচালক আশিকুর রাহমান।
