চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

0

সিটিনিউজ ডেস্ক::চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম হজ ফ্লাইট উড্ডয়ন করেছে। শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি রওনা দেয়।

এর আগে, রাত ১০টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

উদ্বোধনকালে বিমানমন্ত্রী  বলেন, ই-ভিসা প্রিন্ট ও মোয়াল্লিম ফি নিয়ে হজ্জ যাত্রীদের কিছু জটিলতা সৃষ্টি হলেও তা নিরসনে সরকার কাজ করছে। ই-ভিসা প্রিন্ট সংক্রান্ত জটিলতায় এম্বাসির সাথে আলোচনা করে সমাধান করা হচ্ছে। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্স যোগে এ বছর সকল হজ্জ যাত্রীদের সৌদি আরবে পরিবহন করা হবে। এখন পর্যন্ত থার্ড কেরিয়ার চালুর কোন চিন্তা ভাবনা নেই।

মন্ত্রী বলেন, স্লড সংখ্যা বাড়ানোর জন্য সৌদি সরকারের নিকট আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে চট্টগ্রাম থেকে সরাসরি হজ্জ ফ্লাইট আরো বাড়ানো হবে।
গতকাল রাত ১১.৫৫ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমান চট্টগ্রাম থেকে প্রথম হজ্জ ফ্লাইটে ৪১৬ জন হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে। চলতি বছর চট্টগ্রাম থেকে ১৫টি ফ্লাইটে ১৪ হাজার হজ্জযাত্রী পরিবহন করা হবে। ১৫ টি ফ্লাইটের মধ্যে ১৩ টি জেদ্দায় ও দেশের ইতিহাসে প্রথম বারের মত ২ টি ফ্লাইট সরাসরি মদিনায় অবতরণ করবে।


মন্ত্রী হজ্জ যাত্রীদের স্বাগত জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। নির্বিঘ্নে পবিত্র হজ্জ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং দেশও জাতির সমৃদ্ধির লক্ষ্যে দোয়া করার জন্য হজ্জ যাত্রীদের প্রতি আহ্বান জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমদ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটিএম নাসির মিয়াসহ চট্টগ্রাম বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন ও বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, উদ্বোধনী ফ্লাইটের হাজিদের সঙ্গে বিমানমন্ত্রী কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.