সিটিনিউজবিডি : সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় ঘোষিত খরচ মেটাতে সক্ষম না হওয়ায় বাংলাদেশ থেকে গৃহকর্মী নেওয়া বন্ধ করে দিয়েছে দেশটির নিয়োগ প্রতিষ্ঠানগুলো।
স্থানীয় দৈনিক আল-ওয়াতানের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে সৌদি গেজেট।
খবরে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে দেশে গৃহকর্মী নিয়োগ দিতে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জনপ্রতি ৭ হাজার রিয়েল ব্যয় করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সিদ্ধান্তে দেশটির নিয়োগ প্রতিষ্ঠানগুলো সন্তুষ্ট নয়। আর সে কারণেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
নিয়োগ প্রতিষ্ঠান মালিকরা আরও বলছেন, যে পরিমাণ শ্রমিক দেওয়ার কথা ছিল বাংলাদেশে থাকা নিয়োগ প্রতিষ্ঠানগুলো তা পূরণ করতে পারেনি। বাজারের একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে খরচ প্রায় ৮০ শতাংশ বেড়ে গেছে; যা স্থানীয় নিয়োগ প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক ব্যয়বহুল।
তারা জানান, শ্রম মন্ত্রণালয় এর আগে জনপ্রতি গৃহকর্মী নিয়োগে ১০০০ ডলার ব্যয়ের কথা বলে, কিন্তু বর্তমানে তা বেড়ে ১ হাজার ৮ ডলারে পৌঁছেছে। এছাড়া বাংলাদেশি নারীদের অনেকেই গৃহকর্মী হিসেবে এদেশে আসতে চাচ্ছেন না।
বাংলাদেশ থেকে গৃহকর্মী আনতে আগে যে ব্যয় চূড়ান্ত করা হয়েছিল তা বাস্তবায়ন করতে শ্রম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান এক নিয়োগ প্রতিষ্ঠানের মালিক ইব্রাহিম আল নিঘেইমিস।
৫ লাখ গৃহকর্মী দিতে পারবে বাংলাদেশ- শ্রম মন্ত্রণালয়ের এমন বিবৃতিতে তিনি আশ্চর্য হন।
তিনি বলেন, প্রতি সপ্তাহে ৪ থেকে ৬ জন গৃহকর্মী দিতে পারবে বাংলাদেশ।
নিঘেইমিস আরও বলেন, বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা কম। তার ওপর প্রশিক্ষণের সময় ৪ সপ্তাহ। ফলে, শ্রমিকদের এখানে আসতে দেরি হচ্ছে আর জরিমানা গুণতে হচ্ছে।
