খালেদা জিয়ার পড়ে যাওয়ার বিষয়টি কারাকর্তৃপক্ষ জানে না

0

সিটি নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন,খালেদা জিয়া গত ৫ জুন হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর মাইল্ড স্ট্রোক করেছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক যে তথ্য দিয়েছেন সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়।

তিনি বলেন,খালেদা জিয়া যে পড়ে গিয়েছিলেন সে সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত নয়। তবুও তার চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন সে অনুযায়ী খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আজ শনিবার (৯জুন) কারা অধিদফতর কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তির কথা বলেছেন।

বাংলাদেশেতো পিজি হাসপাতাল অনেক বড়। এখানেও কিন্তু তার সব ধরনের চিকিৎসাই সম্ভব। তবুও তার (খালেদা জিয়া) চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রিপোর্ট পাবার পর পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করেছিলেন বলে ধারণা তার ব্যক্তিগত এক চিকিৎসকের। বিকেলে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডে কারা ফটকের সামনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের এ ধারণার কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,গত ৫ জুন দুপুর ১টার দিকে খালেদা জিয়া হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। ৫-৭ মিনিট পর তার জ্ঞান ফিরলেও ওই সময়ের কথা কিছুই মনে করতে পারছেন না তিনি। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যতটুকু বুঝতে পেরেছি তার মাইল্ড স্ট্রোক হয়েছে। আগামীতে বড় ধরনের স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.