বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

0

সিটি নিউজ ডেস্ক :: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতারা বৈঠক করছেন। আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়।

জানা যায়, আগামী ২৯ সেপ্টেম্বরের জনসভা সফল করতে ও আগামী দিনের করণীয় ঠিক করতে এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ওই বৈঠকের আয়োজন করা হয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন,ব্যারিস্টার মওদুদ আহমদ,ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান উপস্থিত আছেন।

এদিকে বিএনপি ২৯ তারিখের জনসভার বিষয়ে আজ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে যৌথসভা করে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামী ২৯ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করব। সেটিকে কেন্দ্র করে এরই মধ্যে সরকারি দল বিভিন্ন কথা বলছে যা অত্যন্ত দুঃখজনক। নাসিম সাহেব বলছেন যেখানে পাও বিএনপিকে আটকে দাও, জাহাঙ্গীর কবির নানক বলছেন রাস্তায় নামলে হাত পা ভেঙে দাও।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ২৭ তারিখ জনসভা করতে চেয়েছি, সেজন্য পুলিশকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু আমাদের পুলিশ বলেছে আপনারা ২৭ তারিখ নয় ২৯ তারিখ করেন। এখন শুনছি সেদিন মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম আছে। এটার কারণে আসলে আমাদের জনসভা করতে কী সমস্যা আমার বুঝে আসে না।’

জনসভার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ জনসভা হবে আমাদের নীতিনির্ধারণী বক্তব্য তুলে ধরার। এখানে আমরা আমাদের আগামীদিনের নীতিনির্ধারণী ও ভবিষ্যৎ কর্মসূচি জানাব। সেদিন জানতে পারবেন জনসভার উদ্দেশ্য।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.