খেলাধুলা, সিটি নিউজ :: এশিয়া কাপের প্রথম ম্যাচে ৬৩ রানের নায়কোচিত ইনিং খেলেছিলেন মোহাম্মদ মিঠুন। সেদিন তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশের হাল ধরেছিলেন, সঙ্গে ছিলেন মুশফিক। আজও চিত্রটা তেমনই। মুশফিকের হাফসেঞ্চুরির পর ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নিলেন মিঠুন।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৩৬/৩ (২৯.০) মুশফিক ৬৮*, মিঠুন ৫১*।
আজ বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওভারে যথাক্রমে সৌম্য সরকার, মমিনুল হক এবং লিটন দাস আউট হয়ে গেলে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আবারও টপ অর্ডারের ব্যর্থতা ভাবাচ্ছিল বাংলাদেশ দলকে। তখনই ধীরে ধীরে বল বুঝে খেলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। স্ট্রাইক রোটেট করতে থাকেন দুজন। তখন ছক্কা-চারের বদলে একরান, দুই রানও অনেক মূল্যবান মনে হচ্ছিল ভক্তদের কাছে। কারণ প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে নেই তিন উইকেট। সেখানে স্কোর বোর্ডে জমা রয়েছে মাত্র ২৭ রান। তাই ক্রিজে টিকে থাকার জন্য সেরা সিদ্ধান্তই নিয়েছেন মিঠুন-মুশফিক। এর পরের ওভারগুলোয় অবশ্য একটু একটু করে রান করেছেন দুজনেই। একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোহাম্মদ মিঠুন নিজের দ্বিতীয় অর্ধশতক এবং মুশফিক নিজের ৩০তম অর্ধশতক তুলে নেন দ্রুতই।
শ্রীলঙ্কার বিপক্ষে মিঠুন-মুশফিকের ১৩১ রানের তৃতীয় উইকেট জুটিই পথ দেখিয়েছিল বাংলাদেশকে। এই ম্যাচেও তাঁদের জুটিতে এসেছে শতরানের বেশি। শ্রীলঙ্কার মতো পাকিস্তানের বিপক্ষেও জয় নিয়ে টাইগাররা ফাইনালে পা রাখবে কিনা, তা নির্ভর করবে মিঠুন-মুশফিক জুটির মতো দলের সবাই নিজেদের কাজ করতে পারবেন কি না তার ওপর।
