নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ : তীব্র শীত কাঁপছে মানুষ। বিগত এক সপ্তাহ ধরে হিমেল বাতাস আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে চন্দনাইশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে।
গত সপ্তাহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর থেকে শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকে। তীব্র শীতের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
চন্দনাইশের বিভিন্ন ইউনিয়নে শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। শীত ও শীতজনিত রোগ শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি। খেটে খাওয়া সাধারণ মানুষকে যবুথবু হয়ে কাজের সন্ধানে যেতে দেখা যায় প্রতিদিন সকালে। শীত বেড়ে যাওয়ায় পুরাতন গরম কাপড়ের দোকানে ক্রেতাদের বেশ ভিড় বেড়েছে।
উপজেলার শ্রমজীবী মানুষ, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়া সকালে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে এ জনপদের মানুষ। হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছেন পুরো উপজেলার শ্রমজীবী মানুষগুলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমেল হাওয়া শীতের আমেজ বাড়িয়ে দিয়েছে।
শীতের তীব্রতায় সাধারণ মানুষ কাতর হয়ে গরম কাপড় ও টুপি পড়ে শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। ছিন্নমূল মানুষ কাগজ-খড়খুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে। শৈত্য প্রবাহ ও মৃদু বাতাসের কারণে শীত প্রবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
