বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের বল গড়ায়নি মাঠে
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বৃষ্টিরই দাপট চলল। যে দাপটে মাঠে গড়াতে পারল না পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটির বল। দীর্ঘ সময় ধরে বৃষ্টি থামার কোন লক্ষণ না দেখায় ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু স্থানীয় সময় সকাল থেকে অবিরাম বৃষ্টিতে ভিজে চলছিল কার্ডিফ। টস পর্যন্ত অনুষ্ঠিত করা যায়নি। আগামী মঙ্গলবার এই মাঠেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল।
আজকের মূল একাদশে কয়েকজনকে বিশ্রামে দেওয়ার পরিকল্পনা বাংলাদেশের। সাকিবের ইনজুরির কথা মাথায় রেখে প্রস্তুতি ম্যাচে তাকে নাও খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। দল নিয়ে কিছুটা পরীক্ষানিরীক্ষা করতে পারে টাইগাররা।
এদিকে এই কার্ডিফে অনেক সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০০৫ সালে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল টাইগাররা। ২০১৭ সালে নিউজিল্যান্ডকেও এই মাঠেই ধরাশায়ী করেছিল বাংলাদেশ।
