সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দু’বছর হয়ে গেছে খালেদা জিয়া কারাগারে কিন্তু তার মুক্তির জন্য চোখেপড়ার মতো কোনো আন্দোলন করতে পারেনি বিএনপি। তারা শুধু হাঁকডাক দিতে পারে। আন্দোলন করতে পারে না। তারা যদি আন্দোলন করে তাদের নেত্রীকে কারামুক্ত করতে পারে করুক, আপত্তি নেই।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত-বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার রায় প্রমাণ করে স্বাধীন বিচার ব্যবস্থায় বর্তমান আওয়ামী লীগ সরকার হস্তক্ষেপ করে না। এ মামলায় দোষী সাব্যস্ত ১৬ জনের সবার ফাঁসি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের স্থানীয় এক সভাপতিও ছিলেন, তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়নি। সেও ফাঁসির রায় পেয়েছে। এ থেকে প্রমাণিত হয় অপরাধী যেই হোক তার নিস্তার নেই।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার দলের নেতা ও স্বজনরা তার অসুস্থতার যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারভেশন তেমন নয়। ওনার শারীরিক অবস্থা নিয়ে তারা যতটা না উদ্বিগ্ন, তারা চেয়ে এ অসুস্থাকে নিয়ে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এটা নিয়ে তাদের দুরভিসন্ধি রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দুনিয়ার ইতিহাসে কোনো দেশে দলীয় সরকার তাদের দলের বিরুদ্ধে এ ধরনের শুদ্ধি অভিযান পরিচালনা করেছে বলে আমার জানা নেই। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা নিজের দলের লোকজনের বিরুদ্ধে অভিযান চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল হয়ে রইবে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন অপরাধ করলে নিজের দলেরও কোনো ছাড় নেই।
