সাকিব খেলা বন্ধ করে চুক্তি করেছে এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণঃ পাপন
সিটি নিউজ ডেস্কঃ গ্রামীণ ফোনের সাথে চুক্তি করায় এবার সাকিব আল হাসানের উপর ক্ষেপেছেন বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইন ভঙ্গ করায় জবাব চেয়ে সাকিব আল হাসানকে চিঠি দিয়েছে বোর্ড। বিসিবি সভাপতি, সাকিব সঠিক জাবাব না দিতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত সোমবার ধর্মঘটে যাওয়ার পরদিন গ্রামীণ ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করেন সাকিব। বিসিবির আইন অনুযায়ী, অনুমতি না নিয়ে এ ধরনের চুক্তি করতে পারবে না কোনো খেলোয়াড়। রবি বাংলাদেশ দলের স্পন্সর হওয়ার পর একটি আইন করে বিসিবি। তা হলো- টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করতে গেলে অনাপত্তিপত্র নিতে হবে বোর্ড থেকে। কিন্তু সাকিব অনাপত্তিপত্র নেননি। এমনকি বোর্ডের কাউকেই অবহিত করেননি।
পাপন বলেন, লিখিতভাবে ওদের বলে দেওয়া আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর হলো। গ্রামীণ বিডই করলো না। না করে এক-দুই কোটি দিয়ে খেলোয়াড়দের নিয়ে ফেলল। এতে শেষ পর্যন্ত কী হলো? তিন বছরে বোর্ডের ৯০ কোটি টাকা লস হলো। খেলোয়াড় লাভবান হলো। কিন্তু বোর্ডের তো ১২টা বেজে গেল। এটি তো হতে পারে না।তাই লিখিতভাবে ওদের জানিয়ে রাখা আছে।
তিনি বলেন, আমার জানা মতে, মন্ত্রণালয় থেকেও ওদের বলা আছে যে না জানিয়ে টেলকোর সঙ্গে চুক্তি করা যাবে না। আমাদের সঙ্গে চুক্তি তো আছেই। তারপরও আমাদের না জানিয়ে কী করে চুক্তি করে? টাইমিংটা দেখুন। খেলা বন্ধ করে চুক্তি! এগুলো তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ।’
