সিটি নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ প্রকল্প অনুমোদন করেছে। এতে ব্যয় হবে ৪ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনে এনইসি’র মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে খরচ হবে ৪৩৬৬ কোটি ১২ লাখ টাকা এবং ২৪৫ কোটি ৫০ লাখ টাকা দিবে সিলেট সিটি করপোরেশন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ’ এবং ‘মংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ’; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন (২য় সংশোধিত)’; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্প’।
আরও আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ’; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’; শিল্প মন্ত্রণালয়ের ‘চামড়া শিল্পনগরী, ঢাকা (৪র্থ সংশোধিত)’; এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘হাওড় এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্প।
