সিটি নিউজঃ প্রখ্যাত লেখক, সাহিত্যকর্মী ও সংগঠক আহমদ ছফার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ২৮ জুলাই তিনি ইন্তেকাল করেন।
আহমদ ছফার জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। লেখালেখি শুরু করেন ষাটের দশক থেকে। তার লেখায় মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং সমাজের নানা অসঙ্গতি ও বৈষম্য ফুটে উঠেছে। ১৯৬৭ সালে তিনি লেখেন তার প্রথম উপন্যাস ‘সূর্য তুমি সাথি’। এ ছাড়া তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আরেকটি বিখ্যাত উপন্যাস হলো ‘ওঙ্কার’।
বাংলাদেশের চিন্তাজগতেও আহমদ ছফা ছিলেন অনন্য। লিখেছেন আরও অনেক প্রবন্ধ। এ ছাড়া তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে রয়েছে ‘জল্লাদ সময়, একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা, লেনিন ঘুমোবে এবার ইত্যাদি। ‘নিহত নক্ষত্র’ তার একমাত্র ছোটগল্পের বই। অনুবাদ করেছেন জার্মান কবি গ্যেটের বিখ্যাত কাব্য ‘ফাউস্ট’।
মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন পত্রিকায় কলাম লিখেছেন আহমদ ছফা। স্বাধীনতার পর আহমদ শরীফের নেতৃত্বে গঠন করেছেন ‘বাংলাদেশ লেখক শিবির’।
উল্লেখ্য,স্বাধীনতা পরবর্তী সময়ের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, জাতির শিক্ষক ও জাতির দর্পণ হিসেবে আহমদ ছফাকে অভিহিত করা হয়। তিনি ছিলেন শোষিত মানুষের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। অনেকেই আহমদ ছফাকে প্রাবন্ধিক হিসেবে দেখলেও তিনি ছিলেন বহুমাত্রিক লেখক। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, চিন্তাবিদ ও বিশিষ্ট কলামিস্ট। তাঁর লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণ প্রাধান্য পেয়েছে।
