ঘুষগ্রহণকারী শহিদুলের বিরুদ্ধে ৩ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

0

অর্থবাণিজ্য ডেস্ক : ঘুষ নেওয়ার অভিযোগে আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের দফতরের (সিসিআইই) নিয়ন্ত্রক (ঢাকা বিভাগ) মো. শহিদুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় অভিযুক্ত শহিদুল হকসহ সিসিআইই এর তিনজন কর্মকর্তাকে সাক্ষ্য দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নোটিস সোমবার সকালে জারি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাক্ষ্য দিতে আসা সিসিআইই এর তিন কর্মকর্তা হলেন- নির্বাহী অফিসার মাসুদ আলম, অফিস সহকারী নূরুল ইসলাম ও মো. ফজলুল হক।

নোটিসে উল্লেখ রয়েছে, আমদানি ও রফতানি নিয়ন্ত্রকের দফতরের (সিসিআইই) নিয়ন্ত্রক মো. শহিদুল হকের বিরুদ্ধে সোমবার সকাল ১১টায় সাক্ষগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

জানা গেছে, শহিদুল হক সকাল ১১টার আগেই বাণিজ্য মন্ত্রণালয়ে উপস্থিত হন। একই সঙ্গে তিনজন সাক্ষীও উপস্থিত আছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ কক্ষে উপস্থিত সাক্ষীদের বক্তব্য নেয়া হচ্ছে।

এর আগে রোববার ঘুষ গ্রহণের অভিযোগে সিসিআইই এর নিয়ন্ত্রক মো. শহিদুল হককে প্রত্যাহার করে নেয় বাণিজ্য মন্ত্রণালয়। ওই দিন সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব নাজমুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

সম্প্রতি গণমাধ্যমে শহিদুল হকের বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রতিবেদন প্রকাশের পর নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। গোপনে ধারণ করা তার দরকষাকষি করে ঘুষ গ্রহণের একটি ভিডিওচিত্রও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরই বাণিজ্য মন্ত্রণালয় তাকে প্রত্যাহারের এই আদেশ জারি করে।

এদিকে ইতোমধ্যে বিষয়টি অনুসন্ধানের জন্য এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সদর আলী বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সদর আলী বিশ্বাস রোববার বলেন, ‘শহিদুল হকের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথভাবে পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

কবে নাগাদ এ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের তদন্ত কার্যক্রম বেশ সময় সাপেক্ষ। তাই কিছু সময় প্রয়োজন। তারপরও আশা করছি, শিগগিরই তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন জমা দেব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.