এইচএসসির ফলপ্রকাশঃ চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছেন ১২১৪৩ জন

0

সিটি নিউজঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  তবে করোনাভাইরাসের কারণে পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় পরীক্ষাছাড়া শতভাগ অটো পাস হলো।  ঘোষিত ফলাফলে চট্টগ্রামে জিপিএ-৫ পেয়েছেন ১২১৪৩ জন।  এবার সারাদেশে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফলের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।  তার আগে সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভার্চুয়ালি ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।  প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ অনুলিপি গ্রহণ করেন।

মোট জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সাধারণ ৯টি বোর্ডে পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিমে পেয়েছেন ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।

অটোপাসের ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২১৪৩ জন।  আজ সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

২০২০ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন।

গত বছরের ২৫ নভেম্বর এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এইচএসসির ফল নিয়ে বিশেষজ্ঞরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। এসএসসি ও জেএসসির ফল মূল্যায়ন করেই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এইচএসসির ফল জানতে যে কোনো মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.