ঢাকাগামী বিমানে বোমা হুমকি, শাহজালালে জরুরি অবতরণ

0

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। একটি অপরিচিত নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

হুমকির পর বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের পর পরই বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া তল্লাশি এখনো চলছে।

সূত্র জানিয়েছে, বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরের সিট, করিডোর, টয়লেট এবং ক্যাফে তল্লাশি করছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্লেন থেকে সরিয়ে নেওয়া হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রাখা হয়েছে, যা একে একে তল্লাশি করা হবে।

প্লেন থেকে নামানো যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। এখন পর্যন্ত কাউকে ইমিগ্রেশনের অনুমতি দেওয়া হয়নি। ফ্লাইটটি সম্পূর্ণ নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীদের টার্মিনাল ভবনেই থাকতে হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজি-৩৫৬ ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনা নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.