সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম (WAM) এই তথ্য নিশ্চিত করেছে।
আমিরাত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুজাইরাহর আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করলে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সেটি সফলভাবে শনাক্ত ও ভূপাতিত করে। তবে ড্রোনটির ধ্বংসাবশেষ সরাসরি নিচে থাকা একটি খামারের ওপর আছড়ে পড়ে। ওই সময় সেখানে কর্মরত এক বাংলাদেশি কর্মী ধ্বংসাবশেষের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।
‘ইউএই লেবার্স’ নামে একটি সংগঠনের বরাত দিয়ে জানানো হয়, নিহত প্রবাসী ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কর্মরত ছিলেন। ড্রোনটি যখন ওই এলাকায় টার্গেট করা হয়, তখন সেটির খণ্ডাংশগুলো সরাসরি ওই ব্যক্তির ওপর গিয়ে পড়ে। তবে নিহত ওই বাংলাদেশির নাম বা বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে ইতিমধ্যে জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা অবস্থান করছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে কোনো ধরনের অপপ্রচারে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্য ও বার্তার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা ও ডব্লিউএএম।
