চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামের মাঝির ঘাটে এক শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে শনিবার কাজ বন্ধ রেখেছে ঘাট গুদাম শ্রমিকরা। যার ফলে অভ্যন্তরীন রুটের জাহাজগুলো থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।
চট্টগ্রামের সদর ঘাট থানর সেকেন্ড অফিসার নাজির আহমদ জানিয়েছেন, “ইদ্রিস আলী হাওলাদার নামের এক শ্রমিক নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বেশ কয়েকটি ঘাটে কাজ বন্ধ রেখেছে, হামলার প্রতিবাদে শ্রমিকরা মাঝির ঘাটে মিছিল সমাবেশ করেছে, সমাবেশকারীরা শ্রমিক নেতা ইদ্রিস আলীর অনুসারী ।
ইদ্রিস আলী হাওলাদারের উপর দূর্বৃত্তরা হামলা করেছে শুক্রবার রাতে, আহত এই শ্রমিক নেতা হাসপাতালে চিকিৎসাধীন আছে, উল্লেখ করেন তিনি।
নাজির আহমদ আরো জানান, “বিকালে শ্রমিকরা সবাই একটি সমাবেশে যোগ দেবে, এই সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফের যোগ দেয়ার কথা রয়েছে। এই সমাবেশ শেষে শ্রমিকরা কাজ শুরু করতে পারে।”
এদিকে, ঘাটগুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য মোহাম্মদ কবির জানিয়েছেন, “মাঝির ঘাটে শ্রমিক সমাবেশে যোগদানকে কেন্দ্র করে শুক্রবার রাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররের অনুসারীরা ইদ্রিস হাওলাদারের উপর হামলা করে, এরপর থেকে এখানকার ঘাটগুলোতে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।”
“হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে আমরা কাজে যোগ দেবো, উল্লেখ করেন তিনি। মাঝির ঘাটের ১৬টি ঘাট দিয়ে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস হয়, শ্রমিকরা কাজ বন্ধ রাখাতে এই ঘাটগুলোর বেশির ভাগে পণ্য খালাস বন্ধ রয়েছে।
