চট্রগ্রাম:: বিজয় দিবস উপলক্ষে ১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে স্বপরিবারে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রবিবার দুপুরে জিইসি কনভেনশনে হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম নগর ও জেলার মোট ১২০ জন মুক্তিযোদ্ধার ও তাদের পরিবারকে দশ হাজার করে নগদ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথের আহবান জানিয়ে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের আত্মত্যাগ, ঘাম ও শ্রমে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভারতের সহকারী হাই কমিশানার সোমনাথ হালদার বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা তুলে ধরার জন্যই মুক্তিযুদ্ধের স্মৃতি গাঁথা সংরক্ষণ করা প্রয়োজন।
রাশিয়ান কনসুলেট জেনারেল মিঃ ওলেগ পি বয়কো বলেন, মুক্তিযুদ্ধের সময় রাশিয়া বাংলাদেশের পাশে ছিল। ১৯৭২ সন থেকে ১৯৭৪ পর্যন্ত সময়ে রাশিয়ার নৌ-বাহিনী চট্টগ্রাম বন্দরকে সচল করার দায়িত্ব পালন করা ছাড়াও রাশিয়া বাংলাদেশের উন্নয়নের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ সহ প্রমুখ।
