অর্থবাণিজ্য ডেস্ক :: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমেরিকার ভিসা পেতে ফরম পূরণ করার বিষয়টি এক মহাযজ্ঞ। এটি সহজে পূরণ করা যায় না। কারণ এখানে ১০ বছরের আগের তথ্য দিতে হয়। কার কাছে, কোথায়, কখন দেখা করেছি উল্লেখ করতে হয়। ফলে সহজেই যে কারো পক্ষে তা পূরণ করা সম্ভব হয় না। এতে করে দিন দিন ভিসা পদ্ধতিটা কঠিন হয়ে যাচ্ছে।’
তবে এর আগে অনুষ্ঠানে আমেরিকান অ্যাম্বেসির কনস্যুলার জেনারেল অ্যালিজাবেথ গোল্ড বলেন, ‘ব্যবসায়ীদের জন্য আগের চেয়ে আমেরিকার ভিসা পদ্ধতি অনেক সহজ করা হয়েছে।’
রোববার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের দেখি না। সবসময় বড় ব্যবসায়ীদের সম্মান করে আসছি। কিন্তু প্রথমে সবাই ছোট উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ী হয়। ক্ষুদ্র বলে ব্যাংকও তাদের দিকে তাকায় না। তাই প্রথমে ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো উচিৎ।’
মন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের দেশের তুলনামূলক গ্রোথ রেট ভালো। ১৯৮৮ সাল থেকে আমাদের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। তবে এটা গত ১৫ বছর যাবৎ ৬ দশমিক ৩ শতাংশের মধ্যে রয়েছে। যা ইতিবাচক। যার অবদান আপনারা (ক্ষুদ্র উদ্যোক্তারা)। তবে এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এ জন্য আমাদের উদ্যোগ আরো শক্তিশালী করতে হবে। শিল্পায়নেও আমরা আগের চেয়ে অনেক এগিয়েছি।’
তিনি বলেন, ‘ক্ষমতা পরিবর্তনে দেশের অর্থনীতিতে কিছুটা ধাক্কা লাগে। ক্ষমতা পরিবর্তনের দুই-তিন বছরের মধ্যে অর্থনীতি এক জায়গায় থাকে। আর নতুন সরকার ক্ষমতায় এলে আগের সরকারের অনেক কিছুই পরিবর্তন করা হয়ে থাকে।’
