অর্থ ও বার্ণিজ্য : সারাদেশের পাঁচ হাজার ৫শ’ ছাপাখানার (মুদ্রণ শিল্প) মধ্যে রাজধানীতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তিন হাজার, যা মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি এলাকায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেখানে পরিকল্পিত সুযোগ-সুবিধার মধ্যে বিকশিত হবে এই শিল্প। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ১৪০ কোটি টাকা ব্যয়ে ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ স্থাপনের মাধ্যমে এ স্থানান্তরের কাজ করা হচ্ছে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এর অনুমোদন দেয়া হয়। এটিসহ এক হাজার ৪৪২ কোটি টাকা ব্যয়ে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
সভা শেষে সংবাদ সম্মলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল ইসলাম, আইএমইডি সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, তথ্য ও পরিসংখ্যান বিভাগের সচিব কানিজ ফাতেমা, জিইডি সদস্য ড. শামসুল আলমসহ শীর্ষ কর্মকর্তারা। পরিকল্পনামন্ত্রী জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক শিল্পনগরী প্রকল্পসহ যে কোনো শিল্প পার্ক স্থাপনের সময় বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, প্রকল্প এলাকায় জলাধার নিশ্চিত করাসহ সড়ক-মহাসড়ক নির্মাণের সময় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।
মুস্তফা কামাল বলেন, সভায় মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে, যেগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৫৩ কোটি ৫২ লাখ টাকা, সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা ও বিদেশি সহায়তা থেকে ৪৬৪ কোটি টাকার জোগান দেয়া হবে।
তিনি বলেন, রাজধানীকে পরিবেশ দূষণ থেকে রক্ষা ও মুদ্রণ শিল্পকে পরিবেশেবান্ধব স্থানে স্থানান্তরের লক্ষ্যে ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ স্থাপন করা হচ্ছে। এখানে ১৫ হাজার ২০০ লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মুন্সীগঞ্জের সিরাজদিখানে বড়বত্তা মৌজায় মুদ্রণ শিল্প স্থানান্তরের কাজ বাস্তবায়ন করবে।
তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২৩৮ কোটি ৮৭ লাখ টাকা। এ ব্যাপারে সভায় প্রধানমন্ত্রী কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও সামুদ্রিক মৎস্য সম্পদের গবেষণার স্বার্থে একটি অ্যাক্যুয়ারিয়াম করার ব্যাপারে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন ।

Comments are closed.