অর্থ ফেরত আনতে ফিলিপাইন যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা

ঢাকা : চুরি যাওয়া অর্থ ফেরত পেতে বাংলাদেশের তদন্তকারী দল ও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা ফিলিপাইন যাচ্ছেন।

শুক্রবার ম্যানিলাভিত্তিক সংবাদপত্র বিজনেস ওয়ার্ল্ডের অনলাইনের এক প্রতিবেদনে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) জন গোমসের বরাত দিয়ে এ কথা বলা হয়।

জন গোমস জানিয়েছেন, বাংলাদেশের প্রতিনিধিরা রোববারের মধ্যে ম্যানিলা পৌঁছবেন। সেখানে তারা চুরি যাওয়া অর্থ উদ্ধারে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। কিমের কাছ থেকে অর্থ ফেরত পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানিলায় জন গোমস সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আসছেন। ফেরত পাওয়া অর্থ কীভাবে দেশে নেয়া যায় সে বিষয়ে ওই কর্মকর্তা এএমএলসির জুলিয়ার সঙ্গে সমন্বয় করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার বিকেলে আইনজীবীর মাধ্যমে ফিলিপাইনের অর্থপাচার দমন কাউন্সিল (এএমএলসি) ও বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেন অভিযুক্ত ব্যবসায়ী কিম ওং।

মঙ্গলবার ফিলিপাইনের সিনেটের শুনানি চলাকালে এই অর্থ ফেরতের দেয়া অঙ্গীকার করেছিলেন কিম ওং।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করে। আর বাকি দুই কোটি ডলার শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে যাওয়ার কথা ছিল। তবে প্রতিষ্ঠানটির নামের বানান ভুল হওয়ায় ওই অর্থ ছাড়ের আগে ধরা পড়ে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.