অনলাইন ডেক্স : রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর বিশাল আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক রক্ষায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর একটি আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মূলত চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়ার পর সাইবার নিরাপত্তার বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনার পর বিশ্বের প্রধান প্রধান কেন্দ্রীয় ব্যাংকের মাননিয়ন্ত্রক সংস্থা সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত ‘দ্য কমিটি অব সেন্ট্রাল ব্যাংকস’ একটি টাস্কফোর্স গঠন করে। এই কমিটি ‘ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস’-এর (বিআইএস) অংশ। গঠিত টাস্কফোর্স ব্যাংক প্রতারণা থেকে রক্ষার জন্য সদস্য ব্যাংকগুলোর মধ্যে তথ্য সংগ্রহ করছে। মূলত আন্তব্যাংক অর্থ লেনদেনে একটি বৈশ্বিক মান গড়ে তোলার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর মাধ্যমে একটি নতুন নির্দেশনা মানা হবে। যেখানে অর্থ লেনদেনে ব্যাংকগুলোর দায়বদ্ধতা এবং সুইফট সিস্টেম ব্যবহার করে আন্তর্জাতিক ব্যাংক লেনদেনের বিষয়েও বিস্তারিত নির্দেশনা থাকবে। হ্যাকিং প্রতিরোধ করতে যদি কোনো কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থও হয়, এ ক্ষেত্রে অন্য ব্যাংকগুলোর ভূমিকা কী হবে, সে বিষয়েও নির্দেশনা থাকবে।
এই টাস্কফোর্স গঠনে নেতৃস্থানীয় ভূমিকায় রয়েছে বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী ব্যবস্থা সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন-এসডব্লিউআইএফটি), নিউইয়র্ক ফেডও এই টাস্কফোর্স গঠনে অংশ নিয়েছে। এ ছাড়া ২৫টি শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ব্যাংক এ টাস্কফোর্সের সঙ্গে আছে। তবে এ বিষয়ে বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাংক, সুইফট ও নিউইয়র্ক ফেডের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়।
