চন্দনাইশ বরকল উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে কমার্শিয়াল ভবন নির্মাণে শিক্ষার্থীদের গণ-জমায়েত

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে কমার্শিয়াল ভবন নির্মাণ করায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা গণ-জমায়েত করেছে।

বুধবার(২৮ ডিসেম্বর) দুপুরে বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে কমার্শিয়াল ভবন নির্মাণ করায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের সম্মুখে শহীদ মুরিদুল আলম (গাছবাড়ীয়া-বরকল) সড়কে গণ-জমায়েত করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের খেলাধূলার একমাত্র মাঠটি দখল করে বিদ্যালয় কর্তৃপক্ষ কমার্শিয়াল ভবন নির্মাণ করলে শিক্ষার্থীরা খেলাধূলা করার জন্য কোন রকম জায়গা থাকবে না।

সে সাথে শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে। এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী জসিম বলেছেন, গতবছর ১১ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় শহীদ মুরিদুল আলম সড়কের পাশে বিদ্যালয়ের কিছু অংশ জায়গায় দোকান নির্মাণ করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। সে আলোকে গত ১৭ ডিসেম্বর স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী কমার্শিয়াল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। গতকাল ২৮ ডিসেম্বর স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান বেইজ ঢালাই এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, বিদ্যালয় বেতনে শিক্ষকদের বেতন প্রতিমাসে ৮৪ হাজার টাকা দিতে হয়। তাছাড়া বিদ্যালয়ের কিছু অংশে এ কমার্শিয়াল ভবন নির্মাণ করলে বিদ্যালয়টি আর্থিকভাবে লাভবান হবে। তাছাড়া মাঠের উত্তর পাশে শহীদ মিনারের কাছে বেশকিছু অংশ ছেড়ে দিয়ে মাঠ যথাযথ রাখা হবে।

তিনতলার ফাউন্ডেশন দিয়ে এ ভবনটি নির্মাণ করায় বিদ্যালয় কর্তৃপক্ষ লাভবান হচ্ছে বলে তিনি দাবী করেন। অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ বলেছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কাজ হচ্ছে। তাছাড়া দোকান ঘর নির্মাণের যে জায়গা চলে যাচ্ছে তার কাছাকাছি জায়গা মাঠের উত্তর পার্শ্ব থেকে ছেড়ে দিয়ে মাঠ পূর্ণাঙ্গ করা হবে বলে তিনি মত প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.