সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

0

খেলাধুলা : শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের মিশনে নেমে ৭০ রানের বড় ব্যবধানেই হারতে হলো টাইগারদের। তবে হারলেও ১-১ সমতায় সিরিজ শেষ করেছে টাইগাররা। কারণ প্রথম ম্যাচে দাপুটে জয় পায় মাশরাফিরা।

আজ লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ২৮১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সবকটি উইকেট হারিয়ে ২১০ করতে সমর্থ হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন সাকিব আল হাসান। এছাড়া অভিষেক হাফসেঞ্চুরির দেখা পান মেহেদি হাসান মিরাজ।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে নামে দুই দল।

টাইগারদের বোলিং শুরু করেন মাশরাফি। লঙ্কানদের ইনিংস শুরু করেন উপুল থারাঙ্গা এবং দানুসকা গুনাথিলাকা। ২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কঠিন বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ১১ রান তুলতেই আউট হয়ে যান বাংলাদেশের সেরা তিন ব্যাটসম্যান তামিম-সাব্বির-মুশফিক। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে কুলাসেকারাকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। দলীয় ১০ রানের মাথায় সাব্বিরও বিদায় নেন। কুলাসেকারার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের শেষ বলটি লাফিয়ে ওঠে। তাতে সাব্বিরের ব্যাটের কাঁনায় বল লেগে উইকেটের পেছনে চান্দিমালের গ্লাভসবন্দি হন শূন্য রান করা সাব্বির।

দলীয় চতুর্থ ওভারে বিদায় নেন মুশফিক (০)। লাকমলের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। দলীয় ১১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দ্রুতই টপঅর্ডারের তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাল-সবুজরা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করে সাকিব-সৌম্য। এই জুটিতে আসে ৭৭ রান। দলীয় ৮৮ রানের মাথায় বিদায় নেন সৌম্য। ব্যক্তিগত ৩৮ রান করে ফেরেন তিনি। তার ৪৪ বলের ইনিংসে ছিল তিনটি চার আর একটি ছক্কার মার। ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে ৯০ রানের ইনিংস খেলার পর এই প্রথম ওয়ানডেতে সৌম্যর ব্যাট থেকে ত্রিশোর্ধ্ব রান আসে। দিলরুয়ান পেরেরার বলে উইকেটের পেছনে ধরা পড়েন সৌম্য।

এরপর জুটি গড়ার চেষ্টা করেন সাকিব-মোসাদ্দেক। তবে, ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে বোল্ড হন ৯ রান করা মোসাদ্দেক। সেকুজে প্রসন্নর বলে মোসাদ্দেকের বিদায়ে দলীয় ১১১ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাকিব আল হাসান দলীয় ১১৮ রানের মাথায় দিলরুয়ান পেরেরার বলে ব্যক্তিগত ৫৪ রান করে ফেরেন। তার ইনিংসে ছিল ৭টি চারের মার। সপ্তম উইকেট হিসেবে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংসের ২৭তম ওভারে লাকমলের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ৭ রান করা মাহমুদুল্লাহ।

ব্যক্তিগত ১৬ রান করা মাশরাফি বিন মর্তুজাকে ফেরান লেগ স্পিনার সেকেগু প্রশন্ন। নিজের বলেই ক্যাচ নিয়ে টাইগার অধিনায়ককে প্যাভিলিওনে ফেরান তিনি। হাফসেঞ্চুরির পর বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে নবম উইকেটে রেকর্ড ৫৪ রানের জুটি গড়েন মিরাজ ও তাসকিন আহমেদ। পরে কুলাসেকেরার বলে ৫১ করে বিদায় নেন মিরাজ। একই ওভারে কুলাসেকেরার চতুর্থ শিকারে তাসকিন (১৪) মাঠ ছাড়লে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.