হাওর অঞ্চলে জেলেদেরও ভিজিএফ দেয়া হবে : ত্রাণ মন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, হাওর অঞ্চলে কৃষকদের পাশাপাশি জেলেরাও কর্মহীন হয়ে পড়েছে। তাই কৃষকদের পাশাপাশি জেলেদেরও ভিজিএফ দেয়া হবে।
আজ বুধবার সচিবালয়ের সভাকক্ষে হাওর অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির উপর এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহাম্মদসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ইতোমধ্যে বিকল্প কর্মসংস্থানের জন্য জেলাভেদে ১০-১৫ কোটি টাকা ছাড় করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের আওতায় এ কর্মসংস্থান করা হবে। পাশাপাশি এই অঞ্চলের সকলের বিকল্প কর্মসংস্থান করা হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিকভাবে হাওর অঞ্চলের ৩ লক্ষ ৩০ হাজার প্রান্তিক দরিদ্র লোককে ভিজিএফ সহায়তা দেয়া হবে। এ সংখ্যা বাড়তে থাকলে বাড়তি লোকদেরও সহায়তা করা হবে। এর পাশাপাশি সুলভ মূল্য ও ওএমএস কার্যক্রম চলমান থাকবে।
মায়া বলেন, হাওর এলাকার ত্রাণ বিতরণ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রত্যেক জেলায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব/অতিরিক্ত পর্যায়ের কর্মকর্তা পাঠানো হয়েছে। এর বাইরে অতিরিক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকৌশলী পদায়ন করা হয়েছে। ত্রাণ বিতরণে যে কোন অনিয়ম বরদাস্থ করা হবেনা।
এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হাওর এলাকার কর্মকর্তাদের ছুটি ও প্রেষণ বাতিল এবং শূন্যপদে পদায়নের জন্য তিনি সকল মন্ত্রণালয়কে অনুরোধ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.