২০১৭-১৮ অর্থ বছরের জন্য মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
নিউজ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংক আগামী ২৬ জুলাই ২০১৭-১৮ অর্থ বছরের প্রথম ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের।
সতর্কতামূলক অবস্থান বজায় রেখে বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং মূল্যস্ফীতিকে গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ‘সতর্কতামূলক অবস্থান বজায় রেখে বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মূল্যস্ফীতি প্রভৃতিকে গুরুত্ব দিয়ে নতুন মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে। তবে মুদ্রানীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না।’
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, ‘২০১৭-১৮ অর্থ বছরের বাজেট এবং রাজস্ব নীতি অনুসারে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করা হবে।
দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এ নীতিকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে অর্থনীতিবিদ, বিভিন্ন উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উদ্যোক্তাদের কাছ থেকে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। সে সব পরামর্শ বিশ্লেষণের পর আমরা মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করছি।’
