স্পোর্টস ডেস্ক:: আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন মুশফিকুর রহীম। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে লড়ার মতো পুঁজি এনে দিতে উইকেটে ছিলেন অধিনায়ক। ৩১ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে গেলেন তিনি। ১২৯ রানে বাংলাদেশ হারালো সপ্তম উইকেট। লিড হয়েছে মাত্র ৫৭ রানের।
সাব্বির রহমান আউট হওয়ার ৮ নম্বরে নামা মুমিনুল হককে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিছুটা অন্তত লড়াইয়ের পুঁজি আনতে খেলছিলেনও ভালো। দ্বিতীয় স্পেলে বল করতে এসে তাকে গতিতে পরাস্ত করেন প্যাট কামিন্স। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক করেন ১০৩ বলে ৩১ রান।
এর আগে বিপর্যয়ে পড়া দলকে সামাল দিচ্ছেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়েছিলো সবাই। প্রতিরোধও তৈরি করেছিলেন তারা। আবারও সেই ন্যাথান লায়নের বলে উইকেট পড়ল বাংলাদেশের। আউট হয়ে গেলেন সাব্বির রহমান। ৯৭ রানে পড়ে দলের ৬ষ্ঠ উইকেট।
৪৩ রানে ৫ উইকেট হারানোর পর ৫৪ রানের জুটি হয়ে গিয়েছিলো মুশফিক ও সাব্বিরের। ৫৯ বলে ২৪ রান করার পর রণভঙ্গ। লায়নের নিচু হওয়া বল ডাউন দ্যা উইকেটে এসে মিস করলেন সাব্বির। সহজ ষ্টাম্পিং মিস করেননি ম্যাথু ওয়েড।
দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে অল আউট করে প্রথম সেশনেই ৫ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রানের জবাবে ৩৭৭ রান করে ৭২ রানের লিড নেয় সফরকারীরা।
