স্পোর্টস ডেস্ক:: দ্বিতীয় দিনেও পুরনো রূপ বাংলাদেশের বোলিংয়ে। প্রথম দিন মাত্র এক উইকেট খোয়ায় প্রোটিয়ারা। আজ সে পথেই হাঁটছে আমলা-এলগার জুটি। ইতোমধ্যে দুজন মিলে স্কোরবোর্ডে ২১৫ রান যোগ করেছে। প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ গিয়ে দাঁড়াল ১ উইকেটে ৪১১ রান।
পচেফস্ট্রুমে মুদ্রা লড়াইয়ে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া কতটা ঠিক ছিল, সেটা প্রথম দিনই টের পায় মুশফিক-মিরাজরা। প্রথম সেশনে উইকেটবিহীন থাকার পর দ্বিতীয় সেশনে এক উইকেট। তাও, রান আউটের বদৌলতে। আর দিনের শেষটা কেটেছে হাশিম আমলা এবং ডিন এলগারের ব্যাটিং ঝলকানি দেখে। স্কোরবোর্ডে ১ উইকেটে ২৯৮ রান জমিয়ে প্রথম দিন শেষ করেন আমলা (৬৮) ও এলগার (১২৮)।
প্রায় ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে টাইগাররা। সর্বশেষ ২০০৮ সালে ভিলিয়ার্স-আমলাদের দেশে গিয়েছিল বাংলাদেশ। তাছাড়া ২০০২ সালে এই মাঠে সবশেষ টেস্ট হয়েছিল। ওই ম্যাচটিতেও দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সবমিলে ১৫ বছর পর আবারও পচেফস্ট্রুমে মুখোমুখি হলো দুই দল। আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। অদ্যাবধি দুই দলের ১০ বারের দেখায় ৮টিই জিতেছে আফ্রিকা। দুটি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯৮/১ (এলগার ১২৮*, মার্করাম ৯৭, আমলা ৬৮*; মোস্তাফিজ ০/৫৪, শফিউল ০/৪৪, মিরাজ ০/১০১, তাসকিন ০/৫২, মাহমুদউল্লাহ ০/১৩, মুমিনুল ০/১৫, সাব্বির ০/১৫)।
