সিটিনিউজ ডেস্ক:: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি এবং কল্যাণমূলক সংগঠনকে প্রবীণদের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালনের আহবান জানিয়েছেন।
‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহবান জানান।
আবদুল হামিদ বলেন, ‘আর্থ-সামাজিক ও জনস্বাস্থ্যের উন্নয়নসহ চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় উন্নতিতে বিশ্বে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে পৃথিবীর সব দেশেই প্রবীণদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। প্রবীণ জনগোষ্ঠী সমাজে সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাঁদের মেধা, মনন ও কর্মময় জীবনের পথ বেয়েই সভ্যতা ও উন্নয়ন এগিয়ে চলেছে। তাই প্রবীণ ব্যক্তিদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানসহ তাঁদের স্বস্তিদায়ক জীবন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।’
রাষ্ট্রপতি বলেন, ‘ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবীণদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাই প্রবীণদের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করা জরুরী। পাশাপাশি তাঁরা যাতে সুখ-শান্তিতে এবং মর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন।’
এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার প্রবীণদের কল্যাণে বয়স্কভাতা, চিকিৎসাসেবা প্রদানসহ সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে।’
রাষ্ট্রপতি বলেন, প্রবীণদের নানা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সমাজ গঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেয়া গেলে তাঁরা সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। সাথে-সাথে জাতীয় উন্নয়নও ত্বরান্বিত হবে।
আন্তর্জাতিক প্রবীণ দিবসে রাষ্ট্রপতি বাংলাদেশসহ বিশ্বের সকল প্রবীণের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
