ইসির নিরাপত্তা জোরদারে আইজিপির কাছে চিঠি

0

সিটিনিউজ ডেস্ক::আগামী একাদশ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশে যখন প্রধান দুই রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রমে উত্তাপ শুরু হচ্ছে, তখন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)।

একাদশ সংসদ ও ছয় সিটি নির্বাচনের ভোটকে সামনে রেখে বছরখানেক আগেই নিরাপত্তা জোরদার করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) বৃহস্পতিবার চিঠি দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির উপ সচিব আবদুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার আইজিপি’র দপ্তরে পাঠানো হয়।

এতে বলা হয়েছে, আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি ও নির্বাচন কমিশনারদের দপ্তর। এছাড়া ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)ও এখানে। নির্বাচন ভবনে প্রতিনিয়তই রাজনৈতিক দল, মন্ত্রী, সংসদ সদস্য, দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিরা আসছেন।

আসন্ন ছয় সিটি করপোরেশন নির্বাচন ও একাদশ সংসদ নির্বাচনের সংশ্লিষ্ট কার্যক্রমও শুরু হয়েছে। নির্বাচন কমিশন একটি স্পর্শকাতর ও সাংবিধানিক প্রতিষ্ঠান। সম্প্রতি কিছু জঙ্গিগোষ্ঠী বিভন্ন স্থানে হামলার পরিকল্পনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এ অবস্থায় নির্বাচন ভবনের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা ও সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে নির্দেশনা দিয়েছে কমিশন।

আইজিপি’র কাছে পাঠানো চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, ডিএমপি কমিশনার, তেজগাঁও উপ-কমিশনার, ট্রাফিক নর্থ, শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছেও পাঠানো হয়েছে।

এর আগে দশম সংসদ নির্বাচনে আগে বিএনপির নির্বাচন বর্জনের মুখে ২০১৩ সালের অক্টোবরেও নির্বাচন ভবনসহ মাঠ পর্যায়ের সব নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছিল ইসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.