স্পোর্টস ডেস্ক:: পদত্যাগপত্র জমা দেওয়ার পরও চন্ডিকা হাথুরুসিংহে আলোচনায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তবু চেষ্টা করছে অন্তত সামনে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে হাথুরুকে ধরে রাখতে। পারা গেলে আরো কিছুদিন। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) একজন প্রভাবশালী কর্মকর্তার বরাত দিয়ে ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে, হাথুরুসিংহের শ্রীলঙ্কা দলের কোচ হওয়া এখন কিছু সময়ের ব্যাপার মাত্র। এমনটা হলে আসন্ন সিরিজে হাথুরুসিংহের শ্রীলঙ্কা দলের মোকাবিলা করতে হবে টাইগারদের।
২০০৭ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের কোচ ছিলেন হাথুরুসিংহে। দেশটির সাবেক এই ক্রিকেটার জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে এসএলসির সাথে ঝামেলায় তিনি এই দায়িত্ব ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর তার হাত ধরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মত দলের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। সাথে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং এ বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালেও খেলেছে টাইগাররা। সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে। অথচ কোন কারণ না দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে হঠাৎ বাংলাদেশের সফলতম কোচ কি না দিয়ে দিয়েছেন পদত্যাগপত্র। যা চাপা ছিল বেশ কিছুদিন।
